সৌদি বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২৬

আপডেট : ১২ জুন ২০১৯, ২১:১৮

বিবিসি, রয়টার্স

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে নারী ও শিশুসহ ২৬ জন বেসামরিক লোক আহত হয়েছে। বুধবার দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ কথা জানিয়েছে।

সৌদি সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি বলেছেন, বুধবার রাত ২টা ২১ মিনিটে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী আগমন এলাকায় ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ২৬ জন বেসামরিক লোক আহত হয়েছে, যার মধ্যে তিন নারী ও দুই শিশু রয়েছে। এই বিমানবন্দরে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে। মধ্যরাতের এই হামলায় তখন যাত্রীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা তখন ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। বিদ্রোহীদের একটি সূত্র দাবি করেছে, তারা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। এর আগে রবিবার সৌদি আরবের আরেকটি বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর দাবি করেছিল হুতি বিদ্রোহীরা। ওই গোষ্ঠীর পরিচালিত একটি টেলিভিশন চ্যানেলে এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।