নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল কর্মী শাওন প্রধানের মৃত্যুর ঘটনায় আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সারাদেশে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীসহ সব জেলা ও মহানগরে এ কর্মসূচি পালন হবে।
গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। বিপরীতে রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছোড়ে পুলিশ। এ সময় পুলিশের গুলিতে শাওন (২০) নামে এক যুবদল কর্মী নিহত হন।
