বাংলাদেশ টেলিভিশন(বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক আয়োজিত 'স্নাতক ও স্নাতকোত্তর ১ম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা-২০২২' এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়(বুটেক্স)। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলকে হারিয়ে এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয় বুটেক্স। ফাইনালে বিতর্কের বিষয় ছিল 'শুদ্ধাচার ও নৈতিকতা গঠনে পরিবারের চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাই মুখ্য'। এই বিষয়ের পক্ষে থেকে বিতর্ক করে জাবির বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হল এবং বিপক্ষে অবস্থান নিয়ে বিতর্ক করে বুটেক্স।
বুটেক্সের হয়ে বিতর্ক করে বিশ্ববিদ্যালয়টির ৪৩ তম ব্যাচের ৩ বিতার্কিক শাকিল আহমেদ সাগর, নাঈম মাহমুদ ও মুজাহিদুর রহমান রুম্মান। ফাইনালে শ্রেষ্ঠ বিতার্কিক হয় বুটেক্সের শাকিল আহমেদ সাগর।
এ বিষয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সভাপতি ও বিতার্কিক শাকিল আহমেদ সাগর দৈনিক ইত্তেফাককে জানায়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আমার পরিচয়। বিশ্ববিদ্যালয়ের নামটিকে জাতীয় মাধ্যমে নিজের জায়গা থেকে যতটুকু তোলা যায় সেই চেষ্টা করেছি সবসময়। বাংলা বিতর্ক জগতে, বিটিভির এই বিতর্ক প্রতিযোগিতাটি প্রত্যেক বিতার্কিকের জন্য স্বপ্নের মতো। প্রিয় বিশ্ববিদ্যালয়ের পতাকা হাতে সেই চ্যাম্পিয়ন হওয়াটা অত্যন্ত আনন্দের। এই অর্জন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সবার। বুটেক্সডিসির জন্য নতুন এই মাইলফলক স্বপ্নের মতো সুন্দর হয়ে থাকবে।
বুটেক্স রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক শাহ ড. আলিমুজ্জামান এ সম্পর্কে বলেন, এই টিমের প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল যে তারা বিজয়ী হতে পারবে, এছাড়া টেক্সটাইল কলেজ যখন ছিল তখন ও শাকিল এবং তারান্নুম নামের দুজন ক্যাম্পাসে ডিবেট শুরু করেছিল। নিঃসন্দেহে বুটেক্সের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা অর্জন, ইনশাআল্লাহ জাতীয় সব পর্যায়ে আমাদের ছেলেরা ভালো করবে।
প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রচার বিষয়ক মন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম. এ. মালেক, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ. জ. ম. নাছিরুদ্দিনসহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন বিতর্ক ও সমালোচনা বিহীন ব্যবস্থা সুন্দর ও গঠনমূলক হতে পারে না। এই বিতর্কের মাধ্যমেই আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারি।
উল্লেখ্য যে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশ থেকে ১০৪ টি দল অংশগ্রহণ করে। ২৭ ই মার্চ, ২০২২ এ এ প্রতিযোগিতার উদ্বোধন করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মোট ৬ টি রাউন্ডে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। ২৬ই আগস্ট অনুষ্ঠিত হওয়া সেমিফাইনালে দু দল নিজেদের প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
