বিশ্বকাপে অনীহা হ্যাজেলউডের

আপডেট : ১২ জুন ২০১৯, ২১:২১

স্পোর্টস ডেস্ক

গেল জানুয়ারি থেকে পিঠের ইনজুরিতে ভুগছিলেন। বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠেছিলেন। যদিও, পেসার জশ হ্যাজেলউডকে বিশ্বকাপে পাঠানোর চেয়ে আসন্ন আগস্টের অ্যাশেজের জন্য প্রস্তুত করাকেই সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক প্যানেল।

২৭ বছর বয়সী হ্যাজেলউডও তাই বিশ্বকাপের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। বিশ্বকাপের ম্যাচও খুব একটা দেখছেন না বললেই চলে। হ্যাজেলউড আপাতত ব্রিসবেনে অস্ট্রেলিয়ার ‘এ’ দলের হয়ে প্রস্তুতিতে ব্যস্ত। সেখানে তার সাথে আছেন পিটার হ্যান্ডসকম্ব, ট্রাভিস হেড ও মার্কাস হ্যারিসরা। দলটি আসছে শুক্রবারে সাত সপ্তাহের সফরে চলে যাবে বিশ্বকাপের দেশ ইংল্যান্ডে।

হ্যাজেলউড বলেন, ‘আমি এখানে যা করছি সেখানেই পূর্ণ মনোযোগ দিচ্ছি। হ্যাঁ, রাতের দিকে হয়তো সময় পেলে কয়েকটা ওভার দেখি। তবে, আমি জানি যত দেখবো ততই বিশ্বকাপকে মিস করা শুরু করব। তাই যতদূর সম্ভব বিশ্বকাপকে এড়িয়ে চলার চেষ্টা করছি।’

আগামী ২০ জুন ওয়ানডে ক্রিকেটে ফিরছেন হ্যাজেলউড। তিনি অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে মুখোমুখি হবেন ইংল্যান্ড ‘এ’ দলের। এরপর সাত জুলাই থেকে অনুষ্ঠিত হবে তিনটি প্রথম শ্রেণির ম্যাচ।