এবার প্রধান কোচের ভূমিকায় লারা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৪

ক্রিকেটের বরপুত্র বা অপরাজিত ৪০০ শুনলেই যার কথা মনে পড়ে সেই ব্রায়ান লারাকে এবার প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদ। এর আগেও অবশ্য দলটির কোচিং প্যানেলে দায়িত্ব পালন করেছেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি, তবে কোন টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে এবারই প্রথম দায়িত্ব নিলেন লারা।

আইপিএলের সর্বশেষ আসরে যেখানে লারা ছিলেন দলের স্ট্র্যাটেজিক পরামর্শক ও ব্যাটিং কোচ, সেখানে এবার দলের খারাপ সময় কাটিয়ে ওঠার আশায় প্রধান কোচের দায়িত্বই তুলে দেওয়া হলো লারার কাঁধে। দলের পক্ষ থেকেই এক বিবৃতি দিয়ে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।

আইপিএল গত দুই মৌসুম ধরে প্রচণ্ড খারাপ সময় পার করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সামনের আসরে ভালো করার লক্ষ্যেই টম মুডির জায়গায় দায়িত্ব দেওয়া হলো লারাকে।  

এদিকে টম মুডির সঙ্গে আলোচনা আর সমঝোতা করেই দুই পক্ষের মধ্যকার চুক্তি বাতিল করা হয়েছে। মুডি এখন সংযুক্ত আরব আমিরাতের নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির দল ডেজার্ট ভাইপার্সের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। হায়দ্রাবাদের সঙ্গে দুই দফায় দায়িত্ব পালনকালে বেশ সফল বলা যায় মুডিকে। ২০১৬ সালে নিজেদের একমাত্র শিরোপাটিও হায়দ্রাবাদ জিতেছিলো অস্ট্রেলিয়ান এই কোচের অধীনেই। তবে শেষটা খুব একটা ভালো করতে না পারায় বিদায় নিতে হলো তাকে। 

আইপিএলের সামনের আসরে হায়দ্রাবাদের প্রধান কোচ হিসেবেই দেখা যাবে মুডির অধীনে ব্যাটিং কোচ হিসেবে কাজ করা লারাকে। গত দুই মৌসুমের ব্যর্থতা কাটিয়ে নতুন কোচের অধীনে সামনের মৌসুমে কেমন করে হায়দ্রাবাদ সেটিই এখন দেখার অপেক্ষা।

ইত্তেফাক/এসএস