বিপিএলের কাঠামোগত দুর্বলতা ও আর্থিক ক্ষতির বিষয় সামনে এনে দুপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি তামিম ইকবাল বলেছিলেন, ‘এভাবে বিপিএল করতে চাই না। সমস্যা হলো, কোনো দল সরে গেলে বা নিয়ম মেনে চলতে না পারলে বিসিবিকেই সেই দলের দায়িত্ব নিতে হয়। গত দুই বছরে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ করার কথা, লোকসান করার কথা নয়। তাই যতক্ষণ না আমরা সমস্যাগুলো ঠিক করতে পারছি, লোকসান দিয়ে টুর্নামেন্ট আয়োজন করা গুরুত্বপূর্ণ নয়।’
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিসিবির আগের কমিটির পরিচালক, সংগীত শিল্পী আসিফ আকবার এর প্রতিবাদ করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘বিপিএলের দুই সিজনে ৪০ কোটি টাকা ক্ষতির ঘোষণা সর্বৈব মিথ্যা। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অডিট এর পাশাপাশি গণশুনানী চাই।’
সংবাদ সম্মেলনে তামিম জানান, বিপিএলের পরবর্তী আসর হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে। তাই চলতি বছর টুর্নামেন্ট আয়োজন না করে প্রয়োজনীয় সংস্কার ও ফ্র্যাঞ্চাইজি-সংক্রান্ত প্রক্রিয়া গুছিয়ে নিতে চায় বোর্ড। বিপিএল নিয়ে বিসিবির এই অবস্থানের পেছনে খেলোয়াড়দের স্বার্থও বিবেচনায় রয়েছে বলে জানান তামিম। চলতি বছর এই ফ্র্যাঞ্চাইজি লিগ না হলে অনেক ক্রিকেটার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এটা স্বীকার করলেও, টুর্নামেন্টের দীর্ঘমেয়াদি স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি।

