লিজেন্ডস ক্রিকেট লিগের দ্বিতীয় আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছিলেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর না নিলেও গৌতম গম্ভীরের নেতৃত্বে ইন্ডিয়া ক্যাপিটালসের হয়ে খেলার ডাক পেয়েছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়কের। বহুদিন পর মাশরাফিকে মাঠে দেখার আশায় ছিলো তার ভক্ত সমর্থকেরাও। তবে ম্যাশ ভক্তদের সেই আশা আর পূরণ হচ্ছে না।
বিভিন্ন ধরণের ব্যস্ততার কারণে লিজেন্ডস লিগে খেলা হচ্ছে না বলে নিজেই সংবাদমাধমকে জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস। তিনি জানান, ‘লিজেন্ডস লিগে খেলার জন্য প্রস্তাব তো পেয়েছি। তবে নানারকম ব্যস্ততার কারণে সেখানে খেলব কি-না সেটাই ভাবছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিয়েছি, এই টুর্নামেন্টে খেলব না। এ সিদ্ধান্ত আমি টুর্নামেন্ট সংশ্লিষ্টদেরও জানিয়ে দিয়েছি।’
মাশরাফিকে দলে নেয়া গৌতম গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস দলে আরও রয়েছেন প্রভীন তাম্বে, মিচেল জনসন, দীনেশ রামদিন, রবি বোপারা, হ্যামিল্টন মাসাকাদজা, লিয়াম প্ল্যাংকেট, আসগর আফগানদের মতো তারকা। লিজেন্ডস লিগের এবারের আসরে ইন্ডিয়া ক্যাপিটালসের সাথে গুজরাট জায়ান্টস, মানিপাল টাইগার্স ও বিলওয়ারা কিংস নামের আরও তিনটি দলও অংশ নিবে।
এই বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে লিজেন্ডস লিগের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো, সেখানে অংশ নিয়েছিলো তিনটি দল। বাংলাদেশের স্পিন কিংবদন্তি মোহাম্মদ রফিক সেই আসরে এশিয়া লায়ন্সের হয়ে ৩ ম্যাচে মাঠে নেমে ২৫ রান করার পাশাপাশি নিয়েছিলেন ২টি উইকেট।
এবার ভারতের মাটিতে লিজেন্ডস লিগের দ্বিতীয় আসর মাঠে গড়াবে আগামী ২০ সেপ্টেম্বর। কলকাতা, দিল্লি, যোধপুর, রাজকোট, কোটাক আর লখনৌতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ। এবারের আসরের ফাইনাল হবে ৮ অক্টোবর।
