স্পোর্টস রিপোর্টার
বাঁ পায়ের হাঁটুর ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের টেস্ট দলের ফাস্ট বোলার খালেদ আহমেদ। ইনজুরি কাটিয়ে উঠতে অস্ত্রোপচার করতেই হবে এই তরুণ পেসারকে। এর জন্য অন্তত চার মাস ক্রিকেটের বাইরে থাকতে হবে তাকে।
বিসিবির এলিট প্লেয়ার্স ক্যাম্পের সদস্য খালেদ ঈদের ছুটিতে সিলেটে নিজের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই ইনজুরিতে পড়েছেন। খালেদের ইনজুরি নিয়ে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এমআরআই রিপোর্টে জানা গেছে খালেদের বাঁ পায়ের মেনিস্কাস বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জন্য অস্ত্রোপচার করতেই হবে তাকে। সেরে উঠতে তিন থেকে চার মাস সময় লাগবে। অস্ত্রোপচারের পর তাকে তিন থেকে চার মাস খেলার বাইরে থাকতে হবে।’
এদিকে আগামী জুলাইয়ে আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে হোম সিরিজ খেলার কথা বাংলাদেশ ‘এ’ দলের। যেখানে নির্বাচকদের ‘এ’ দলের ভাবনায় পরিপূর্ণভাবেই ছিলেন খালেদ। কিন্তু ইনজুরির কারণে এই সিরিজটা খেলা হবে না তার।
