ভারত নাকি শারজায় খেলতে ভয় পায়। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে এমন মন্তব্য করে যেন কথার লড়াই শুরু করতে চেয়েছিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার সিকান্দার বখত।
চলমান এশিয়া কাপ যেন ক্রিকেট ভক্তদের দারুণ সব উপহার দিয়ে যাচ্ছে। তার মধ্যে একটি অবশ্যই বাইশ গজে ভারত-পাকিস্তানের মহারণ। রাজনৈতিক অস্থিরতার কারণে যেখানে এখন আর এই দুই দলের হাই ভোল্টেজ লড়াই দেখাই যায় না বলা চলে, সেখানে এক এশিয়া কাপেই এই নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই ক্রিকেট পরাশক্তি।
গ্রুপ পর্বের প্রথম দেখায় ভারতের কাছে ৫ উইকেটের হারের যন্ত্রণা ভোলার জন্য এই ম্যাচে যেন জয় চায়ই চায় পাকিস্তানের। এদিকে ছেড়ে কথা বলতে চায় না রোহিত শর্মার দলও। তবে মাঠের লড়াইয়ে কে কাকে ছাপিয়ে যাবে তার আগেই কথার লড়াই শুরু করে দিয়েছেন দুই দলের সাবেকরা।
আজ রাত আটটায় দুবাইয়ের স্পোর্টস সিটি স্টেডিয়ামে সুপার ফোরের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। তার আগে এই ম্যাচ নিয়ে কথা বলতে গতকাল টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দুই দলের সাবেক ক্রিকেটারদের কেউ কেউ। তেমনই এক অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করে তোলপাড় তুলে দিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার সিকান্দার বখত। আজকের ম্যাচের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতেই তিনি প্রশ্ন তোলেন, ভারত কেনো শুধু দুবাইতে খেলে?
উল্লেখ্য, গ্রুপ পর্বে ভারত তাদের দুটি ম্যাচই খেলেছে দুবাইতে। আবার সুপার ফোরের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষেও খেলবে দুবাইতে। এছাড়া আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের পরের দুটি ম্যাচও দুবাইয়ের সেই স্পোর্টস সিটি স্টেডিয়ামে।
জিও টিভির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার কপিল দেব, মোহাম্মদ আজহারউদ্দিন ও অতুল ওয়াসান। সরাসরি তাদেরকে উদ্দেশ্য করেই সিকান্দার বখত প্রশ্ন করেন, ‘আমি শুধু জানতে চাইছি, ভারত কেন শারজা বা আবুধাবিতে খেলতে চায় না? তারা শুধু দুবাইতেই খেলে। তোমরা কি শারজায় খেলতে ভয় পাও?’
সাবেক এই পাক ক্রিকেটার আরো বলেন, ‘সূচিতে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচটি শারজায় হওয়ার কথা ছিল। তোমরাই সেটা পরিবর্তন করেছো। তোমরা কি শারজায় খেলতে ভয় পাও? পাকিস্তানের মানুষ এটা আমাদের কাছে জিজ্ঞেস করে। আমিও তাই তোমাদের কাছে জিজ্ঞেস করছি।’
আজহারউদ্দিন আর কপিল দেব কৌশলে সিকান্দার বখতের এমন প্রশ্ন এড়িয়ে গেলেও অতুল ওয়াসান মজা করে বলেন, ‘ওই মাঠ আমাদের জন্য অপয়া ছিল। এখন তো আমাদের সঙ্গে আইসিসির সম্পর্ক বেশ ভালো, তাই আমরা আর ওই মাঠে খেলি না এখন!’
এদিকে, ভারত-পাকিস্তান দ্বৈরথ যে মাঠেই হোক না কেন, তাতে যেন উত্তেজনার কমতি থাকে না একবিন্দুও। সমগ্র বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে এই ম্যাচ মানেই যেন উত্তেজনার বারুদে জোয়ার তোলা ব্যাট-বলের লড়াই।
