এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আফসোসের সুর শোনা গেলো পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের কন্ঠে। আফসোসটা এই মুহুর্তে পাকিস্তানের বোলিং ইউনিটের নেতৃত্ব দেয়া পেসার শাহীন শাহ আফ্রিদিকে নিয়ে। ইঞ্জুরির কারণে চলমান এশিয়া কাপে খেলতেই পারছেন না আফ্রিদি। দলে থাকা অন্যান্য পেসাররা যথেষ্ট দক্ষ হলেও আফ্রিদির জায়গা নেয়ার মতো কেউ নেই বলেই অকপটে স্বীকার করে নেন রিজওয়ান।
এশিয়া কাপের গ্রুপ পর্বে প্রথম ম্যাচেই ভারতের কাছে ৫ উইকেটের হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয় পাকিস্তানের। সেই ম্যাচে ভারতের ব্যাটিং লাইনআপকে চেপে ধরলেও শাহীন শাহ আফ্রিদির অভাবটা বেশ ভালোভাবেই টের পেয়েছে বাবর আজমের দল। আফ্রিদি থাকলে হয়তো জয় পেতেও পারতো পাকিস্তান। আফ্রিদি বাদেও পাকিস্তান দলের বর্তমান পেস আক্রমণ যথেষ্ট সমীহ জাগানিয়া। শাহীনের অনুপস্থিতিতেই ভারতের বিপক্ষে ভালো করার পাশাপাশি পরের ম্যাচে হংকংকে গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের বোলাররা। তবুও আফ্রিদির অনুপস্থিতির কারণে নিজেদের বোলিং আক্রমণকে শক্তিশালী মানতে চান না রিজওয়ান।
ভারতের বিপক্ষে আরেকটি ম্যাচের আগে যেন শাহীনের কথা বেশি মনে পড়ছে রিজওয়ানের। এর পেছনের সবচেয়ে বড় কারণ হয়তো গত বিশ্বকাপে ভারতের বিপক্ষে শাহীনের দুর্দান্ত পারফরম্যান্স। সেই ম্যাচে এই গতি তারকা যেমন পারফরম্যান্স দেখিয়েছিলো তারপর তার জায়গায় অন্য কাউকে বসানোর মতো দুঃসাহস দেখাতে চান না রিজওয়ান।
পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, 'সত্যি কথা বলতে আমাদের দলে এখন যে পেসাররা আছে তার কেউই শাহীনের অভাব পূরণ করতে পারবে না। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ও কি করেছিলো তা কেউই ভুলতে পারবে না। তাকে সকলেই ভয় পায়। ওর না থাকাটা আমাদের জন্য বড় ধাক্কা। ওকে বাদে আমাদের বোলিং অনেক দুর্বল। শাহীন না থাকায় ম্যাচ শুরু হওয়ার আগেই আমরা পিছিয়ে পড়ছি।'
আফ্রিদি না থাকার আফসোস করলেও অন্য বোলাররা জ্বলে উঠবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন রিজওয়ান। তিনি বলেন, 'গত এক-দুই বছরে শাহীন যা করেছে তাতে ওর ধারেকাছে কেউ নেই। আমরা এখনই আরেকটা শাহীন পাবো না। তবে দলের বাকি বোলারদের কাছে সুযোগ রয়েছে নজর কাড়ার। নাসিম শাহ আর শাহনেওয়াজ দাহানি আছে, ওরা ভালো করছে। হারিস রউফ আছে যথেষ্ট অভিজ্ঞতাসম্পন্ন। আশা করছি ভারতের বিপক্ষে ওরা সকলেই ভালো করবে।'
এদিকে অন্য বোলারদের ওপর আশা রাখলেও রিজওয়ানকে হয়তো আরো একবার হতাশ হতে হবে। রিজওয়ানের মন্তব্যের পর জানা যায়, চোটের কারণে ভারতের বিপক্ষে আজকের ম্যাচে খেলতে পারবেন না আরেক পেসার দাহানিও। পাকিস্তানের জন্য যেটি বড় একটি ধাক্কা। শাহীন শাহ আফ্রিদি টুর্নামেন্টেই নেই, এখন দাহানিও চোটের কবলে। আজকের ম্যাচে পাকিস্তানের বোলিং ইউনিটকে বেশ ভালো পরীক্ষার সামনেই পড়তে হবে বলা যায়।
