সুপার ফোরের লড়াইয়ে কেমন একাদশ সাজাবে ভারত-পাকিস্তান

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৩

চলমান এশিয়া কাপে সপ্তাহখানেকের ব্যবধানেই দ্বিতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আজ রাত আটটায় দুবাইয়ের স্পোর্টস সিটি স্টেডিয়ামে সুপার ফোরের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই ক্রিকেট পরাশক্তি। এর আগে গ্রুপ পর্বের ম্যাচেও মুখোমুখি হয়েছিলো দুই দল। সেই ম্যাচে ভারতের কাছে ৫ উইকেটে হেরেই মাঠ ছাড়তে হয়েছিলো বাবর আজমের দলকে। 

আজ সুপার ফোরের লড়াইয়ে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। পাকিস্তানের জন্য ম্যাচটি গ্রুপ পর্বের হারের বদলা নেয়ায় ম্যাচও বলা যায়, আর ভারতের 
জন্য নিজেদের আধিপত্য ধরে রাখা। তবে এতোসব ভাবনা চিন্তা বাদ দিয়ে আজকের ম্যাচের স্নায়ুচাপ সামলে ভালো খেলতে চায় দুই দলই।

এদিকে, আজকের ম্যাচে মাঠে নামার আগে দুই দলই পেয়েছে দুঃসংবাদ। হাঁটুর চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন ভারতের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। পাকিস্তনের সাথে আগের ম্যাচের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো জাদেজার ব্যাটিং-বোলিং। এই ম্যাচ বা বাকি টুর্নামেন্টে তাকে না পাওয়াটা রোহিত শর্মার দলের জন্য বেশ বড় ক্ষতি বলা যায়। তার পরিবর্তে ইতোমধ্যেই দলে ডাক পেয়েছেন অক্ষর প্যাটেল।

অন্যদিকে, ইঞ্জুরির কারণে এশিয়া কাপের দলেই থাকতে পারেননি এই মুহুর্তে পাকিস্তানের সেরা বোলার শাহীন শাহ আফ্রিদি। তাকে ছাড়া দলের বোলিং আক্রমণ কিছুটা হলেও রং হারিয়েছে বলে অকপটে স্বীকার করে নিয়েছেন দলের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। আফ্রিদির না থাকার সাথে আরও একটি ধাক্কা খেয়েছে পাকিস্তান। হংকংয়ের বিপক্ষে ম্যাচের পর ইঞ্জুরিতে পড়েছেন আরেক পেসার শাহনেওয়াজ দাহানি। আজকের ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনিও। তার অভাব কাকে দিয়ে পূরণ করে পাকিস্তান সেটিই দেখার বিষয়।  

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের পেসার আভেশ খান জ্বরের কারণে ম্যাচটিতে খেলবেন না। তবে পাকিস্তানের বিপক্ষে ফিরবেন হার্দিক পান্ডিয়া৷ আর ইঞ্জুরি আক্রান্ত রবীন্দ্র জাদেজার জায়গায় আসতে পারেন অক্ষর প্যাটেল৷ এছাড়া, পাকিস্তানের বিপক্ষে দিনেশ কার্তিক খেলবেন নাকি ঋষভ পান্ত খেলবেন সেটা নিয়েও ধোঁয়াশা থাকছে।

অন্যদিকে পাকিস্তান একাদশে তেমন কোনো পরিবর্তন না আসলেও ইঞ্জুরি আক্রান্ত দাহানির জায়গায় খেলতে পারেন হাসান আলী অথবা মোহাম্মদ হাসনাইন। 

ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক/ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, আর্শদিপ সিং, যুজবেন্দ্র চাহাল। 

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: 
বাবর আজম, সাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, আসিফ আলী, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, হাসান আলী/মোহাম্মদ হাসনাইন।

ইত্তেফাক/এসএস/এইএচপি