উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পে ফ্লাইওভারের বক্স গার্ডার দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচ জনের মৃত্যুতে ঠিকাদারি প্রতিষ্ঠান চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান গেঝুবা গ্রুপ কোম্পানি লিমিটেডকে (সিজিজিসি) দায়ী করেছে সরকারের গঠিত তদন্ত কমিটি।
গতকাল রবিবার (৪ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী সাংবাদিকদের এ তথ্য জানান। বিআরটি প্রকল্পের গার্ডার দুর্ঘটনার ১২ কারণ চিহ্নিত করেছে তদন্ত কমিটি।
সচিব বলেন, ছুটির দিনে কাউকে না জানিয়ে প্রকল্পের কাজ শুরু করা হয়। ঐদিন কাজ করার অনুমতি ছিল না। দিনের বেলায় সেদিনই প্রথম কাজ করে। দিনের বেলা কাজ করার অনুমতি নেই। রাত ৮টার পর কাজ শুরুর কথা। ক্রেনটি সহকারীকে দিয়ে পরিচালনা করা হচ্ছিল। অসমতল জায়গায় কাজ করছিল। ক্রেনটির ডিজিটাল মনিটর ছিল না। অনুমতিও ছিল না। ভারী কাজ করার সময় ট্রাফিক ম্যানেজমেন্ট কাজে কেউ ছিল না। সেফটি ম্যানেজমেন্ট ছিল না। যারা কাজ করতে এসেছিলেন তারা অনুমোদিত ছিলেন না।
আমিন উল্লাহ নুরী আরও বলেন, ঐদিনের দুর্ঘটনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসি দায়ী। তাদের অবহেলার কারণে দুর্ঘটনা ঘটেছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সচিব বলেন, ঘটনার পর প্রথমে তিন সদস্যের কমিটি করা হয়, পরে সেটি বাড়িয়ে পাঁচ সদস্য করা হয়। গঠিত কমিটি প্রাথমিক প্রতিবেদন দেয়। এরপর বুয়েটের এক্সপার্টকেও কমিটিতে যুক্ত করা হয়। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্রেফতার সবার বক্তব্য তারা নিয়েছেন। তদন্ত কমিটি দুর্ঘটনার দায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়েছে। ভিডিও ফুটেজে তার বিবরণ আছে। পরামর্শক প্রতিষ্ঠান বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৩৪টি চিঠি দিয়েছে। কিন্তু পরামর্শক প্রতিষ্ঠান সেটি মন্ত্রণালয়ে জানায়নি। তারা সেটি জানালে আমরা চাইনিজ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতাম। উল্লেখ্য, গত ১৫ আগস্ট বিকালে উত্তরা জসীম উদ্দীন রোডের মাথায় প্যারাডাইস টাওয়ারের সামনে বিআরটি প্রকল্পের একটি বক্স গার্ডার ট্রেইলারে তোলার সময় ভারসাম্য হারায় ক্রেন। বিপুল ওজনের কংক্রিটের গার্ডারটি টঙ্গীমুখী সড়কে চলমান একটি প্রাইভেট কারের ওপর পড়ে। এতে প্রাইভেট কারের ভেতরেই মৃত্যু হয় পাঁচ জনের।
