কোহলির ঘাড়ে পড়ছে হারের দায়

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৪

নামটা কোহলি বলেই হয়তো সমালোচনাটা এতোটা বেশি। অন্য কারো কাছে যেটা পাহাড়সম, কোহলির কাছে সেটাই তো দুধ-ভাত হওয়ার কথা। অনেকদিন ধরেই ফর্মহীনতায় ভুগলেও চলমান এশিয়া কাপে ব্যাটিংয়ে রান পাচ্ছেন কোহলি। গতকাল পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচেও তুলে নিয়েছেন অর্ধশত। ৪৪ বলে ৬০ রান করে আউট হয়েছেন শেষ ওভারে। তবে কোহলির এমন পারফরম্যান্স, বিশেষত শেষের দিকে মন্থর গতির ব্যাটিংয়ের কারণেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন কোহলি।

এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৪ বলে করেছিলেন ৩৫ রান, দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষেও পেয়েছিলেন অর্ধশত। গতকাল সুপার ফোরে ভারতের মিডল অর্ডারের অন্যরা যখন আসা যাওয়ার মিছিলে শামিল, তখন এক প্রান্ত আগলে রেখে স্কোরবোর্ডে রান তুলে গেছেন কোহলি। তার পঞ্চাশোর্ধ্ব ইনিংসের পরেও শেষের দিকে প্রত্যাশা অনুযায়ী রান তুলতে না পারাতেই ভারত হেরে গেছে বলে মনে করছেন অনেকে। 

ইনিংসের শেষ ওভারে কোহলির সাথে ব্যাটিংয়ের অপরপ্রান্তে ছিলেন ভুবনেশ্বর কুমার। তাকে  স্ট্রাইক না দেয়ার জন্য শেষ ওভারের প্রথম তিনটি বলই ডট খেলেন কোহলি। চতুর্থ বলে দুই রান নিতে গিয়ে হয়েছেন রানআউট। প্রথম তিন বলে রান করতে না পারাতেই ভারতের রান কিছুটা কম হয়েছে বলেও মনে করছেন অনেকে। ম্যাচশেষে তাই কোহলির ঘাড়েই হারের দায় চাপিয়ে টুইট করেছেন অনেকেই।  

এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব সমালোচনার জবাবে কোহলি জানান, তিনি কখনোই এসব (সমালোচনা) কিছু নিয়ে ভাবেন না।

ইত্তেফাক/এসএস