গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দুইজন বন্দির মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন-ময়মনসিংহের মুক্তাগাছা থানার মহিষতারা এলাকার মৃত সুরুজ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৬২) ও মাদারীপুরের শিবপুর থানার চরজানাজা এলাকার লাল মিয়ার ছেলে খোকন ব্যাপারী (৪২)।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, সকালে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন আবু বক্কর সিদ্দিক। এ সময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সকাল সাড়ে ১০টার দিকে আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষণা করেন। সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে এ কারাগারে বন্দি ছিলেন।
এদিকে সকাল ৮টার দিকে কারাগারের ভেতর খোকন ব্যাপারী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ওই হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন। মাদক মামলায় কারাগারে বন্দি ছিলেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার জাহান বলেন, ‘সকালে পৃথক সময় কারাগারের ভেতর ওই দুজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক ওই দুইজনকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

হাইকোর্টে জাহাঙ্গীরের জামিন