স্কুলের ছাদের প্লাস্টার খসে পড়ে রড এবং দেওয়ালের প্লাস্টার খুলে বের হয়ে গেছে ইট। শিক্ষার্থীরা ভয়ে ক্লাসেই বসতে চায় না। এই চিত্র পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয় ভবনের ছাদ, দেওয়াল ও পিলারে ফাটল সৃষ্টি হয়েছে। এ ভবনের তিনটি শ্রেণিকক্ষ ঝুঁকিপূর্ণ। এর মধ্যেই প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। এখানে আরো দুটি টিনশেড ঘর থাকলেও সেগুলোও পুরোনো। ফলে দুর্ঘটনার আশঙ্কায় থাকেন শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ জেনেও সেখানেই চলছে কোমলমতি শিশুদের ক্লাশ।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র জুলকার নাইম ও তাহিয়া খাতুন জানায়, ঝুঁকিপূর্ণ ভবনে তারা ভয়ে ভয়ে ক্লাস করছে। ফলে শ্রেণি পাঠে তারা মনোযোগী হতে পারছে না। প্রধান শিক্ষক মোজাহীদ আলম সৈয়দ বলেন, আমাদের বিদ্যালয়টির ভবন অনেক পুরোনো। সংস্কারও করা হয়নি অনেকদিন। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বিদ্যালয় ভবনের সবকটি কক্ষ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ দাবি করে বলেন, উপজেলা প্রকৌশলীকে বিষয়টি লিখিতভাবে কয়েক বার অবহিত করা হয়েছে। উপজেলা প্রকৌশলী আফরোজা খাতুন বলেন, শিক্ষা কমিটির রেজ্যুলেশনসহ সরকারি স্কুল উন্নয়ন প্রকল্পের আওতায় অগ্রাধিকার ভিত্তিতে ঐ বিদ্যালয় প্রাঙ্গণে নতুন ভবন নির্মাণের জন্য এবার প্রস্তাব পাঠানো হবে।
