বরগুনার পাথরঘাটায় বিএনপির সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মনি ও তার ভাই সাইফুল ইসলাম জামালসহ মোট ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৯৮ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান।
বরগুনার পুলিশ সুপার মো. আবদুল ছালাম সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মামলা ও গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন। মনি ও তার ভাই সাইফুল ইসলাম জামাল, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, বিএনপি নেতা সেলিম পহলান, আবুল হোসেনসহ মোট ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান জানিয়েছেন, মামলায় ৯৮ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় গ্রেফতার হয়েছেন বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজিব, পাথরঘাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব খায়রুল ইসলাম শরীফ, রায়হানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন, ছাত্রদলকর্মী হাসিব ও শাওন।
এর আগে রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পাথরঘাটায় আসেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। পথে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার সিঅ্যান্ডবি এলাকায় তার সমর্থক ও ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের সংঘর্ষ হয়। কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর সমর্থকরাও এর সঙ্গে জড়িয়ে পড়ে।
দুই গ্রুপের সংঘর্ষে আহত হন নুরুল ইসলাম মনি, আলাউদ্দিন পল্টুসহ অন্তত ৫০ জন। ভাংচুর করা হয় অর্ধশতাধিক মোটরসাইকেল ও ১টিতে আগুনও ধরিয়ে দেওয়া হয়।
