এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে টানা দুই হারে ফাইনাল থেকে অনেকটাই ছিটকে গেছে টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট বর্তমান চ্যাম্পিয়ন ভারত। দলের এমন পারফরম্যান্সে তবুও চিন্তিত নন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে কিছু প্রশ্নের উত্তর খুঁজছিলেন তিনি। আর সেইসব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন বলে মনে করেন তিনি।
গত টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব পার হতে ব্যর্থ হয় ভারত। তবে বিশ্বকাপের পর বেশ ছন্দে ছিল ভারত। এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে সেই ধারাবাহিকতা বজায় রেখেছিলো ভারত। তবে, সুপার ফোরে টানা দুই হারে ফাইনালে ওঠার স্বপ্ন অনেকটাই শেষ ভারতের।
তবে এতে কোন আফসোস নেই বলে জানান রোহিত শর্মা।
তিনি বলেন, ব্যাটারদের জানতে হবে তাদের কি করতে হবে, কি কি শট খেলতে হবে। অনেকদিন ধরে দল ছন্দে ছিল। এসব পরাজয় আমাদের শিখতে সাহায্য করবে। গত বিশ্বকাপের পর আমরা তেমন ম্যাচ হারিনি। আমরা চেয়েছিলাম এশিয়া কাপে আমরা যেন চাপে পড়ি। তাই দুর্ভাবনার কিছু নেই। আমরা কিছু উত্তর খুঁজছিলাম। এমন ম্যাচ সেসব উত্তর জানাবে।
