ভেজাল দুধ উৎপাদন: ব্যবসায়ীকে ৬ মাসের দণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৩

সাতক্ষীরার তালায় ভেজাল দুধ উৎপাদনের অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য আইনে জেলা দুগ্ধ সমবায় সমিতির সভাপতি প্রশান্ত ঘোষকে (৫০) ৬ মাসের কারাদাণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রশান্ত ঘোষ তালা উপজেলার জেয়ালা গ্রামের মৃত কালিপদ ঘোষের ছেলে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস এই অর্থদণ্ড ও সাজা প্রদান করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোকলেছুর এই অভিযান পরিচালনা করেন। তারা বলেন, তালা উপজেলার দুগ্ধগ্রাম বলে খ্যাত জেয়ালা গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে ভেজাল দুধ উৎপাদন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে জেয়ালা গ্রামের মৃত কালিপদ ঘোষের ছেলে দুগ্ধ ব্যবসায়ী প্রশান্ত ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ভেজাল দুধ উৎপাদনে ব্যবহৃত উপাদান এবং ৯৬০ লিটার ভেজাল দুধ উদ্ধার করা হয়। 

এদিকে, একই উপজেলার মহান্দী গ্রামে গরুর ভেজাল দুধ তৈরির ১০০ কেজি জেলিসহ গৌর শংকর (৪০) ওরফে বাবু ঘোষ নামের আরেক ব্যক্তিকে আটক করে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটক শংকর ওরফে বাবু ঘোষ উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের চিত্তরঞ্জন ঘোষের ছেলে। সোমবার সন্ধ্যায় উপজেলার হাজরাকাটি ঈদগাহ সংলগ্ন মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। 

তালা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শরীফ মো. আব্দুল মতিন জানান, একটি বাইসাইকেলে দুধ পরিবহনের ক্যানে করে গরুর ভেজাল দুধ তৈরির ১০০ কেজি জেলিসহ ব্যবসায়ী শংকর ঘোষকে আটক করেন। পরে পুলিশ শংকর ওরফে বাবু ঘোষকে ক্যানভর্তি জেলিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করে সাজা প্রদান করেন। একই অপরাধে গত পহেলা আগস্ট শংকর ওরফে বাবু ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।

ইত্তেফাক/এইচএম