কিশোরগঞ্জ প্রতিনিধি
ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত মানসম্মত বিরতিহীন ট্রেন চালুর দাবিতে বুধবার কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে মানববন্ধন হয়েছে। কিশোরগঞ্জ জেলার সচেতন নাগরিক সমাজ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। আহসান হাবীবের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি এমরান আলী ভুঁইয়া। বক্তব্য রাখেন তানভীর ইমদাদ রফিক, আলী হোসেন নিশাদ, আমিরুল সরকার, ইকরাম হোসেন, মুশফিকুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এবং ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত বিরতিহীন কোনো ট্রেন সার্ভিস নেই। আন্তঃনগর নামে যে দুটি ট্রেন চলাচল করে সেগুলোতে যাত্রীসেবার মান লোকাল ট্রেনের মতোই। তাই অবিলম্বে এই রুটে বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানান তারা।
