কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজাসহ ২ নারীকে আটক করেছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃ্ত্বে একটি টিম উপজেলার যতিন্দ্র নারায়ণ এলাকার নওশাদ মিস্ত্রির বাড়ি সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়। এসময় লালমনিহাটগামী একটি সিএনজি থেকে দুই নারী চোরাকারবারির দেহ তল্লাশি করে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বগুড়া সদরের ১৩ নম্বর ওয়ার্ডের তোফাজ্জল হোসেনের মেয়ে লাবনী বেগম (২৮) এবং একই জেলার কাহালু উপজেলার কালাই গ্রামের মন্টু প্রামানিকের স্ত্রী শিল্পী বেগম (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতেই ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।’
