পাকিস্তান-আফগান সমর্থকদের সংঘর্ষ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৯

এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠেছে পাকিস্তান। টান টান উত্তেজনাকর ম্যাচে মাঠের উত্তাপ ছড়িয়ে পড়ে গ্যালারিতে। ম্যাচ শেষে মারামারিতে জড়িয়ে পড়েন দুই দেশের সমর্থকরা। তাদের চেয়ার ছোড়াছোড়ি করতে দেখা যায়। গ্যালারির এই সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

গতকাল সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে আফগানিস্তান ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান করে। ১৩০ রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। ম্যাচ কখনও পাকিস্তানের পক্ষে আবার কখনও আফগানিস্তানের পক্ষে হেলে পড়ে। ১৯ তম ওভারের ৪র্থ বলে আফগান বোলার ফরিদ আহমদকে ছক্কা মারে আসিফ আলি। পরের বলেই আউট হন আসিফ। আর সঙ্গে সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন এই দুইজন। পরে সতীর্থরা এসে দুইজনকে থামান। 

আসিফের উইকেটের পর পাকিস্তানের ছিল আর মাত্র ১টি উইকেট, জিততে লাগতো ১১ রান। সে সময় আফগান সমর্থকরা ভেবেই নিয়েছিলো যে তারা ম্যাচটি জিতে যাবে। কিন্তু শেষ ওভারে পাকিস্তানের পেসার নাসিম শাহ আফগান বোলার ফজলহক ফারুকীকে দুই বলে দুই ছক্কা মেরে পাকিস্তানের জয় নিশ্চিত করেন।

এতে গ্যালারিতে থাকা পাকিস্তানি সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। আর এতেই আফগান সমর্থকরা ক্ষিপ্ত হয়ে পাকিস্তান সমর্থকদের ওপর হামলা করেন। এতে দুই পক্ষ হাতাহাতি ও চেয়ার ছোড়াছোড়ি করেন। এতে স্টেডিয়াম বেশ ক্ষতি হয়েছে। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাকিস্তান ও আফগানিস্তানের সমর্থকরা একে অপরের দিকে চেয়ার ছুড়ে মারছে। আফগান সমর্থকদের চেয়ার দিয়ে পাকিস্তানিদের মারতে দেখা যায়। 

দুই দেশের সমর্থকদের সংঘর্ষে জড়িয়ে পড়া নিয়ে নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার শোয়েব আক্তার। টুইটারে সংঘর্ষের একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, আফগান সমর্থকরা তাই করছে যা তারা অতীতেও একাধিকবার করেছে। 

টুইটে তিনি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক সিইও শাফিক স্টানিকজাইকে মেনশন করে লিখেছেন, আপনার সমর্থকদের ও খেলোয়াড়দের কিছু জিনিস শেখা প্রয়োজন যদি তারা খেলায় উন্নতি করতে চায়। 

এর আগে ২০১৯ বিশ্বকাপেও হাতাহাতিতে জড়িয়েছিলেন এই দুই দেশের সমর্থকরা। 

 

 

 

 

 

ইত্তেফাক/এসআর