চট্টগ্রামে অবৈধ ভবন নির্মাণের দায়ে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ১২ জুন ২০১৯, ২২:০৬

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম নগরীর দামপাড়ায় জেলা শিল্পকলা একাডেমির পাশে অবৈধভাবে তিন তলা ভবন নির্মাণের দায়ে একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালত। সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর আদালতে বুধবার আসামি সময়ের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্র জানায়, শিল্পকলা একাডেমির পাশে সৈয়দ জিয়াদ রহমান নামে এক ব্যক্তি অনুমোদন না নিয়ে তিন তলা ভবন তৈরি করে ব্যবসা পরিচালনা করছেন। এর আগে সিডিএর ভ্রাম্যমাণ আদালত ওই স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে। সিডিএ’র অথরাইজড কর্মকর্তা-২ প্রকৌশলী মোহাম্মদ শামীম বলেন, কোনো ধরনের অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ করেছেন অভিযুক্ত ভবন মালিক। সেটি উচ্ছেদে অভিযানও পরিচালনা করা হয়। পরবর্তীতে মামলা দায়ের করা হয়।