আসিফকে নিষিদ্ধের দাবি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৬

পাকিস্তানি ব্যাটার আসিফ আলিকে এশিয়া কাপের বাকি ম্যাচে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাহী (সিইও) শফিক স্টানিকজাই। টুইটারে এক পোস্টে তিনি এই দাবি করেছেন।  

এশিয়া কাপের বুধবার (৭ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের গুরুত্বপূর্ণ পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ ছিল উত্তেজনায় ঠাঁসা। পরতে পরতে রং বদলানো ম্যাচে অবশ্য শেষ হাসি হাসে পাকিস্তান। আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে ফাইনালে যায় পাকিস্তান। মাঠে বেশ উত্তাপ ছড়িয়েছে। বিশেষ করে ১৯তম ওভারে পাক ব্যাটার আসিফ আলি ছক্কা মারেন আফগান বোলার ফরিদ আহমদকে। 

ঠিক তার পরের বলেই আউট হন আসিফ। এরপরেই বুনো উল্লাসে ফেটে পড়েন ফরিদ। উইকেট পাওয়ার উদযাপনের আসিফের একেবারে সামনে চলে আসেন। এতে ধাক্কা দিয়ে ফরিদকে সরিয়ে দেন আসিফ। কিন্তু এতে আরও পাল্টা প্রতিক্রিয়া দেখান ফরিদ। 

আর এতে আরও রেগে গিয়ে ফরিদকে ব্যাট উচিয়ে মারতে চান আসিফ। তখন অন্য আফগান খেলোয়াড় এসে দুইজনকে সরিয়ে নেয়। আসিফ সাজঘরে ফেরত যেতে যেতে কিছু উত্তপ্ত বাক্যবিনিময় করেন। 

পাকিস্তানি সিনিয়র এই ব্যাটারের এমন আচরণ মেনে নিতে পারেননি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাহী শফিক স্টানিকজাই। তিনি এশিয়া কাপের বাকি সময় আসিফকে নিষিদ্ধের দাবি জানান।

টুইটারে শফিক স্টানিকজাই আসিফ ও ফরিদের উত্তপ্ত মুহূর্তের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘এটা আসিফ আলির চরম পর্যায়ের বোকামি এবং তাকে টুর্নামেন্টের বাকি ম্যাচ  থেকে নিষিদ্ধ করা হোক। যেকোনো বোলারের উদযাপন করার অধিকার আছে কিন্তু তাই বলে শারীরিক আগ্রাসন মোটেও গ্রহণযোগ্য নয়।’  

আসিফের আউটের পর পাকিস্তানের পেসার নাসিম শাহ আফগান বোলার ফজলহক ফারুকীকে পর পর দুই ছক্কা মেরে পাকিস্তানের জয় নিশ্চিত করেন।  

ইত্তেফাক/এসআর