চট্টগ্রাম অফিস
মহানগরীর চমেক হাসপাতাল এলাকায় কেবি ফজলুল কাদের সড়কের ইপিক মার্কেটের তিনটি ওষুধের দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ড্রাগ এডমিনিস্ট্রেশন চট্টগ্রামের তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরানসহ সিএমপির সদস্যরা অংশ নেন।
মো. আলী হাসান জানান, ইপিক মার্কেটের গাজী ফার্মেসি ও সার্জিক্যাল, সাথী মেডিকেল হল এবং ডায়মন্ড ফার্মেসি ওষুধ প্রশাসন কর্তৃক ইস্যু করা লাইসেন্সের শর্ত অমান্য করে ব্যবসা পরিচালনা করছিল। তারা অনুমোদনহীন বিদেশি ওষুধ সংরক্ষণ ও বিক্রি করছিল। এসব অপরাধের কারণে গাজী ফার্মেসি ও সার্জিক্যালকে ১৫ হাজার টাকা, সাথী মেডিকেল হলকে ২০ হাজার টাকা ও ডায়মন্ড ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনুমোদনহীন ওষুধগুলো আটক করে বিনষ্ট করা হয় এবং সংশ্লিষ্টদেরকে সতর্ক করা হয়।
