'পাকিস্তান ভালো কিন্তু চ্যাম্পিয়ন দল নয়' 

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:০০

পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান বলেছেন, পাকিস্তান ভালো কিন্তু চ্যাম্পিয়ন দল নয়। বুধবার (৭ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মলনে তিনি বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে চাপের মুহূর্ত আরও ভালো করে সামলাতে হবে। 

সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১ উইকেটে জয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। তবে, ১৩০ রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ ওভারে পেসার নাসিম শাহ পর পর দুই ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন। 

তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শাদাব খান বলেন, আমি মনে করি ভালো দলের এভাবে চাপের পরিস্থিতিতে উইকেট পতন হওয়া উচিত নয়। বিশেষ করে আমি একটি বাজে শট খেলেছি। আমি ভালো সেট ছিলাম এবং ম্যাচ শেষ করা উচিত ছিল। 

ম্যাচে ২৬ বলে ৩৬ রান করেন শাদাব খান। দলীয় ৯৭ রানে রশিদ খানের বলে আজমতুল্লাহকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

তিনি আরও বলেন, আমি টুর্নামেন্টের শুরুতে বলেছিলাম আমরা একটি ভালো দল কিন্তু চ্যাম্পিয়ন দল নই এবং সেটাই আমাদের লক্ষ্য। আশা করি আমরা এই বিষয়ে কাজ করবো এবং ভুলের পূনরাবৃত্তি না করার চেষ্টা করবো।   

এশিয়া কাপের ফাইনালে ১১ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। সূত্র: ডন

ইত্তেফাক/এসআর