কমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ একই পরিবারের দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতের মধ্যে সিএনজিচালক ছাড়া বাকি পাঁচ জনই একই পরিবারের।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বড়শালঘর এলাকার একই পরিবারের পাঁচ জন সদস্য সিএনজিযোগে বিয়ের অনুষ্ঠানে রওনা দেন। এ সময় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার সাইলচর কোড়েরপাড়ে পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের বজলুর রহমানের স্ত্রী ও উপজেলার ধামতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাজেরা বেগম (৪০) এবং হাজেরা বেগমের নাতি আবির (৫)।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কুমেক হাসপাতালে নেওয়ার পর শিক্ষিকা হাজেরা বেগম (৪০) ও নাতি আবির (৫) মারা যান। দুর্ঘটনায় আহতরা হলেন- নিহত হাজেরা বেগমের স্বামী বজলুর রহমান (৬৫), মেয়ে মনিরা আক্তার (১৪), নাতি আশিক (৭) ও সিএনজি চালক দেবিদ্বার পৌর এলাকার উত্তর ভিংলাবাড়ি গ্রামের আব্দুল আলীমের ছেলে শান্ত (২০)। আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার বিকালে বজলুর রহমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মীরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন সাংবাদিকদের জানান, দুর্ঘটনা কবলিত দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি ও ট্রাকটি (ঢাকা-মেট্রো-ট-১৬৫৫১৮) উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ব্যাপারে মামলা হয়েছে।

রাজধানীতে র্যাবের অভিযান ২৯ ছিনতাইকারী গ্রেফতার
চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে অবরোধ, পুলিশের লাঠিচার্জ