পাক-আফগান ম্যাচের ৩৯১ সমর্থক গ্রেফতার 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৭

চলমান এশিয়া কাপের সুপার ফোরের উত্তেজনাপূর্ণ পাকিস্তান-আফগানিস্তান ম্যাচটিকে বলা যায় টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা একটি ম্যাচ। সেই ম্যাচেই কিনা ঘটে গেলো অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ম্যাচ শেষে সংঘর্ষে জড়িয়ে পড়ায় দুই দলের ৩৯১ জন সমর্থককে গ্রেফতার করেছে আরব আমিরাতের পুলিশ।

প্রায় হারতে থাকা ম্যাচে শেষ ওভারে নাসিম শাহের দুই ছক্কায় ম্যাচ জিতে ফাইনালে চলে যায় পাকিস্তান। এরপরেই ঘটলো বিপত্তি। নিজ দলের হারের পরই গ্যালারিতে পাকিস্তান সমর্থকদের ওপর চড়াও হন আফগান সমর্থকরা।

জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান, হাতে ১ উইকেট। আফগান পেসার ফজলহক ফারুকির শেষ ওভারের প্রথম দুই বলে অবিশ্বাস্য দুই ছয়ে পাকিস্তানকে ফাইনালে তোলেন নাসিম শাহ। প্রায় জিতে যাওয়া ম্যাচ এভাবে হেরে যাওয়ায় নিজেদের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি আফগান সমর্থকরা। আক্রমণ করে বসে পাকিস্তানি সমর্থকদের ওপর।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতেই ছড়িয়ে পড়ে দুই দলের সমর্থকদের উত্তাপ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, গ্যালারিতেই মারামারিতে জড়িয়েছেন দুই দলের সমর্থকরা, গ্যালারির চেয়ার উপড়ে সেগুলো ছুড়ে মারছেন একে অপরের দিকে।

সমর্থকদের মধ্যে মারামারির পাশাপাশি স্টেডিয়ামের অবকাঠামোগত ক্ষতি করার কারণে আরব আমিরাতের পুলিশ গ্রেফতার করেছে সেই ম্যাচের ৩৯১ সমর্থককে। প্রতিপক্ষ সমর্থকদের আক্রমণ করার দায়ে ১১৭ জন আর অবকাঠামোগত ক্ষতির জন্য ৯৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।

গ্রেফতার হওয়া সব অভিযুক্তদের জন্য বেশ কড়া শাস্তিই অপেক্ষা করছে বলে যান গেছে স্থানীয় সংবাদমাধ্যম নিউজওয়্যারের এক প্রতিবেদনে। অভিযুক্তদের বড় অঙ্কের জরিমানা আর ভিসা বাতিলসহ আরব আমিরাতে প্রবেশের ওপরও আসতে পারে আজীবন নিষেধাজ্ঞা।

ইত্তেফাক/এসএস/কেকে

ইত্তেফাক/কেকে