কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর গাছতলা গ্রামে চাদনী (২০) নামে এক মায়ের বিরুদ্ধে তার ৩ বছরের শিশু জোবায়েতকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মা চাদনীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ সেপ্টেম্বর) নিকলী থানার ওসি মোহাম্মদ মসুর আলী আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুর মা চাদনী পুলিশের কাছে সন্তানকে হত্যার দায় স্বীকার করেছেন।’
শিশু জোবায়েত উপজেলার সাজনপুর গ্রামের করিম মিয়ার (২৬) ছেলে।
মামলা সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে নিকলী উপজেলার সাজন পুর গ্রামের নুর মিয়ার ছেলে করিমের সঙ্গে একই গ্রামের মজলু মিয়ার মেয়ে চাদনীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ৩ বছরের একটি ছেলে রয়েছে। বিভিন্ন কারণে সংসারে বনিবনা না হওয়ায় ২ বছর আগে চাদনী স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যান।
জোবায়েত মাঝেমধ্যে মা চাদনীর কাছে যেত। ঘটনার দিন শুক্রবার দুপুরে জোবায়েত মায়ের কাছে গেলে বিকেলেও ফিরে না আসায় করিমের মা সুফিয়া বেগম চাদনীর বাড়িতে খোঁজ করতে যান। চাদনী বলেন, জোবায়েত চলে গেছে। এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার সময় একই গ্রামের হামিদ বেপারির বাড়ির পুকুর পাড়ে জোবায়েতের লাশ পাওয়া যায়।
পরে করিম বাদী হয়ে শনিবার সকালে চাদনীকে আসামি করে নিকলী থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ চাদনীকে গ্রেফতার করে। থানায় জিজ্ঞাসাবাদে তিনি সন্তান হত্যার দায় স্বীকার করেন।
ওসি মোহাম্মদ মসুর আলী আরিফ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাদনী তার শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যার দায় স্বীকার করেছে। চাদনী বলেছে, ছেলে জোবায়েতের কারণে আমাকে কেউ বিয়ে করতে আগ্রহী হবে না মনে করে হত্যা করেছি।’
