একদিন বাদেই এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। অথচ গত বুধবার সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে গেলেই পাকিস্তানের ফাইনাল খেলা হতো কিনা তা নিয়েই দেখা দিতো সংশয়। প্রায় হারতে বসা সেই ম্যাচে শেষ ওভারে টানা দুই ছক্কা মেরে পাকিস্তানকে জেতান পেসার নাসিম শাহ। জোড়া ছক্কায় দলকে জেতানো সেই ব্যাট এবার নিলামে তুলতে যাচ্ছেন পাকিস্তানি পেসার।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে যে ব্যাট দিয়ে দলকে জিতিয়েছেন নাসিম, সেটি আসলে তার নিজের ব্যাটও না। ব্যাটিংয়ে নামার আগে সতীর্থ মোহাম্মদ হাসনাইনের কাছ থেকে ব্যাটটি নিয়ে এসেছিলেন নাসিম। তবে ঐতিহাসিক সেই জোড়া ছক্কায় ম্যাচ জেতানো ব্যাটটি এবার হাসনাইন উপহার হিসেবেই দিয়েছে পাকিস্তানকে ফাইনালে তোলার নায়ক নাসিম শাহকে। আর তারপরই পাকিস্তানের বন্যার্তদের সাহায্যের উদ্দেশ্যে সেই ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন নাসিম।
ম্যাচ শেষেই নাসিম জানিয়েছিলেন, তার নিজের ব্যাটটি খুব একটা ভালো ছিল না, তাই সতীর্থ হাসনাইনের কাছ থেকে তার ব্যাট ধার নিয়েছিলেন। তখনো স্ট্রাইকিং প্রান্তে না যাওয়া হাসনাইন নাসিমকে ব্যাটটি দিয়ে বলেছিলেন, ‘নাও, সিঙ্গেল নিলে আমাকে আবার ফেরত দিও।’
বৃহস্পতিবার পিসিবি একটি ভিডিও প্রকাশ করলে সেখানে দেখা যায়, মোহাম্মদ হাসনাইন তার সেই ব্যাটটা নাসিমকে দিয়ে দিচ্ছেন। সেসময় হাসনাইন বলেন,‘এতক্ষণে হয়তো আপনারা জেনে গেছেন নাসিম শাহর ইনিংস সম্পর্কে। যে ইনিংসটা সে খেলেছে দারুণভাবে। আমাদের নাসিম, আমাদের রাজপুত্র, আমাদের বাঘ দুটো ছক্কা মেরেছে, পাকিস্তানকে জিতিয়েছে, জাভেদ মিয়াঁদাদের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। যেই ব্যাট দিয়ে সে খেলেছে, সেটা আমার ব্যাট ছিল। আমি তাকে এই ব্যাটটি দিয়ে দিচ্ছি, সে এটা দিয়ে তার নিজের ইচ্ছেমতো কাজ করুক।’
হাসনাইনের কাছ থেকে ব্যাটিট পাওয়ার পর নাসিম তাকে ধন্যবাদ জানান। এরপরই নাসিম বলেন, পাকিস্তানের বানভাসি মানুষের সাহায্যার্থে সেই এই ব্যাটটি তিনি নিলামে তুলবেন। নিলাম থেকে যে অর্থ পাওয়া যাবে তার সবই ব্যয় করা হবে বন্যার্তদের কল্যাণে।
