এবার প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে চার্লসকে রাজা হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে দেশটির স্থানীয় সময় সকাল ১০ টায় লন্ডনের সেন্ট জেমসেস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলে প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস হিসেবে ঘোষণা করা হয়।
সিএনএনের সরাসরি প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট জেমসেস প্রাসাদের ফ্রিয়ারি কোর্টের ওপরের বারান্দা থেকে চার্লস তৃতীয়কে প্রকাশ্যে রাজা হিসেবে ঘোষণা করা হয়।
বিবিসি বলেছে, এরপর লন্ডন থেকে চার্লসকে দ্বিতীয়বার রাজা হিসেবে ঘোষণা পাঠ করা হবে। সেন্ট জেমসেস প্রাসাদে যে অনুষ্ঠান হয়েছে সেখানেও একই অনুষ্ঠান হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এরপর সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে।
রানির মৃত্যুতে গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে দেশটিতে শোক শুরু হয়েছে যা আগামী ১০ দিন ধরে চলবে। তাই ধারণা করা হচ্ছে, রানির শেষকৃত্য ১৯ সেপ্টেম্বর হতে পারে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রানির শেষকৃত্যের দিনে সরকারি ছুটি ঘোষণা করেছেন দেশটির নতুন রাজা তৃতীয় চার্লস। এক আদেশে তিনি এই ঘোষণা দিয়েছেন।
