বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর আয়োজনে সোমবার থেকে ইন্দো-প্যাসিফিক সেনা সেমিনার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৭

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনী যৌথভাবে আয়োজন করেছে ইন্দো-প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনার (আইপিএএমএস)। ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ৪৬ তম এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সকালে শুরু হতে যাচ্ছে। 

এ বছরে চারদিনব্যাপী এই সেমিনারের প্রতিপাদ্য হলো: ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার সম্ভাবনা ও চ্যালেঞ্জ’। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান জেনারেল চার্লস ফ্লিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। 

এই সেমিনারে অত্র অঞ্চলের স্থলবাহিনী (সেনাবাহিনী, মেরিন প্রমুখ) গুলোর জন্য বৃহত্তম সমাবেশ। আইপিএএমএস-এর উদ্দেশ্য হলো পারস্পারিক বোঝাপড়া, সংলাপ ও বন্ধুত্বের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আরও বৃদ্ধি করা। সেমিনারে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের মতামত ও ধারণাগুলো পরস্পরের সাথে বিনিময় করার মাধ্যমে তাদের কর্ম পরিব্যাপ্তি  ও সমঝোতা আরও দৃঢ় করবেন। সেমিনারের প্লেনারি অধিবেশনের পাশাপাশি অংশগ্রহণকারীরা ছোট ছোট দলে ভাগ হয়ে প্রতিপাদ্য বিষয়ে সুনির্দিষ্ট কিগুলো নিয়ে আলাপ-আলোচনা করবেন। 

এছাড়া অংশগ্রহনকারীরা বিশিষ্ট অতিথি বক্তাদের কাছ থেকে শান্তিরক্ষা কার্যক্রম, মানবিক সহায়তা/দুর্যোগে ত্রাণ বিতরণ, নেতৃত্বের বিকাশ এবং নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ের ওপর বিষয়ভিত্তিক বক্তব্য শুনবেন ও আলোচনায় অংশ নেবেন। 

হাওয়াই এর হনলুলুতে ১৯৭৭ সালে অনুষ্ঠিত আইপিএএমএস এর প্রথম সম্মেলনে অংশগ্রহণ করে ৯টি দেশ। সেই সংখ্যা বেড়ে ২০১৭ সালে কোরিয়ার সিউলে অনুষ্ঠিত সেমিনারে ৩১টি দেশ অংশ নিয়েছিলো। আইপিএএসএম সম্মেলন অংশগ্রহনকারীদের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার এবং পারস্পারিক উদ্বেগের বিষয়গুলোতে মতবিনিময় করার অনন্য সুযোগ করে দিয়ে থাকে। 

ইত্তেফাক/এএএম