বিটিসিএলের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ১২ জুন ২০১৯, ২২:১৮

ইত্তেফাক রির্পোট

ভুয়া ব্যাংক গ্যারান্টি দাখিল ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় বিটিসিএলের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার ঢাকার আদালতে এই চার্জশিট দাখিল করা হয়। উল্লেখ্য, জনতা ব্যাংকের ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের ভুয়া ব্যাংক গ্যারান্টি দাখিল ও প্রায় ৪৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে ২০১২ সালের ৫ নভেম্বর রাজধানীর রমনা মডেল থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হলেন দুদক উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। চার্জশিটভুক্ত আসামিরা হলেন— বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম খবিরুজ্জামান, বিটিসিএলের সাবেক পরিচালক (আন্তর্জাতিক) মাহফুজার রহমান ও মাহবুবুর রহমান, বিটিসিএলের সাবেক বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল হালিম ও এ কে এম আসাদুজ্জামান, বিটিসিএলের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আবু সাইদ খাঁন, বিটিসিএলের সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) মো. ইলিয়াস কামাল, মেসার্স আই পাওয়ার কমিউনিকেশনস-এর পরিচালক মো. মাকসুদুল লতিফ ও রাজটেক লিমিটেডের পরিচালক ও আই পাওয়ার কমিউনিকেশনস-এর স্থানীয় প্রতিনিধি মো. হাসিবুল বাসার।