'ধুঁকছে' রুশ বাহিনী, হটছে পিছু  

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১০:২৪

রুশ বাহিনী শনিবার (১০ সেপ্টেম্বর) উত্তর-পূর্ব ইউক্রেনের প্রধান এক ঘাঁটি ছাড়তে বাধ্য হয়েছে। ইউক্রেন বাহিনীর দ্রুত অগ্রযাত্রার মুখে যুদ্ধের প্রধান ফ্রন্ট লাইনগুলিতে রুশ বাহিনীর এটি আকস্মিক পতন। খবর আল জাজিরা, রয়টার্সের।  

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার খারকিভ প্রদেশের ইজিয়ামের দ্রুত পতন হয়েছে। মার্চে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে পিছু হটতে বাধ্য হওয়ার পর এটি মস্কোর সবচেয়ে বাজে পরাজয়। এটি দুই দেশের মধ্যে ছয় মাসব্যাপী যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রমাণ করতে পারে। 

রিপোর্ট, হাজার হাজার রুশ সেনা গোলাবারুদ মজুদ এবং সরঞ্জাম পরিত্যাগ করার সঙ্গে তারা পালিয়ে যায়। রুশ বাহিনী তাদের প্রধান অভিযানগুলির একটির জন্য ইজিয়ামকে লজিস্টিক বেস হিসেবে ব্যবহার করেছিল। 

ইউক্রেনীয় সেনারা কুপিয়ানস্ক শহর দখল করেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলেছে, তারা সেনাদের আশেপাশের এলাকা ত্যাগ করতে এবং প্রতিবেশী দোনেৎস্কের অন্য কোথাও অভিযান জোরদারের নির্দেশ দিয়েছে। 

খারকিভে রাশিয়ার প্রশাসনের প্রধান বাসিন্দাদের প্রদেশটি থেকে সরে যেতে এবং জীবন বাঁচাতে রাশিয়ায় পালিয়ে যেতে বলেছেন।

এদিকে শনিবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভিডিও ভাষণে তার বাহিনীর অগ্রযাত্রার কথা জানান। তিনি দাবি করেছেন, এই মাসের  শুরুর  দিকে সেনারা পাল্টা অভিযান শুরুর পর রাশিয়ার কাছ থেকে খারকিভের প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে।  

জেলেনস্কি আরও বলেন, সেপ্টেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত  প্রায় ২ হাজার বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করা হয়েছে। ইউক্রেনে দখলদারদের কোনো স্থান নেই এবং কখনও হবেও না।  

ইত্তেফাক/এসআর