ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী শরীফ খাঁ (৫০) হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজের আদালতের বিচারক শারমিন নিগার এই রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-আখাউড়া উপজেলার চানপুর উত্তর পাড়া গ্রামের জাকির খাঁ (৪০), মাহবুব খাঁ (৩০), গাজী খাঁ (৬৫)। অপর আসামি আমানত খাঁকে (৬৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাঁচজন আসামির মধ্যে আমির খাঁ মারা গেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি পলাতক।  

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ আগস্ট আসামিরা সীমানা বিরোধের জের ধরে শরীফ খাঁকে আখাউড়া চানপুর উত্তর পাড়া বিবাদীদের বাড়ির পূর্ব পাশে বৃটিশ পাকা রাস্তার ওপর কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় শরীফ খাঁর স্ত্রী মাজেদা বেগম পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে একটি মামলা করেন। দীর্ঘ যুক্তি তর্ক শেষে আদালত এই রায় ঘোষণা করেন। 

ইত্তেফাক/এএএম