চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ লড়াই যেন অন্যরকম মাত্রা পেয়েছে গত কয়েক মৌসুম ধরে। সেখানে অবশ্য বিজয়ের হাসিটা বায়ার্নেরই বেশি চওড়া। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের লড়াইয়ে আজ আরও একবার মুখোমুখি বার্সা-বায়ার্ন। তার আগে ফিরেফিরে আসছে দুদলের আগের লড়াইগুলোর গল্প।
বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শুরু হবে ম্যাচটি। এবার চ্যাম্পিয়নস লিগের ড্র হওয়ার পর থেকেই গ্রুপ অব ডেথ হিসেবে স্বীকৃতি পেয়ে যায় গ্রুপ-সি। বার্সা আর বায়ার্নের সাথে এই গ্রুপেই রয়েছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। ইউরোপ সেরার লড়াইয়ে গত কয়েক মৌসুম বেশ দৈন্যদশা কাটিয়ে এবার নতুন উদ্যোমে শুরু করেছে বার্সা। প্রথম ম্যাচে গ্রুপের তুলনামূলক সহজ প্রতিপক্ষ ভিক্তোরিয়া প্লাজেনের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নস লিগ যাত্রাটা ভালোভাবেই শুর করেছে কাতালানরা।
তবে আজকের ম্যাচে প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ বলেই কপালে চিন্তার ভাজ পড়াটাই স্বাভাবিক বার্সা কোচ জাভি হার্নান্দেজের। বার্সার এই কিংবদন্তি গত মৌসুমের মাঝামঝি কোচের দায়িত্ব নিয়ে এসেই যেন খোলনচলে পাল্টে দিয়েছেন দলকে। তবে আজকে প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ বলেই প্রতিপক্ষের বিপক্ষে বার্সা স্নায়ুচাপের পরীক্ষায় কেমন করে সেটিই দেখার বিষয়।
বিগত লড়াইগুলোতে বায়ার্ন যেন বার্সেলোনার কাছে এক দুঃসহ স্মৃতির নাম। বিশেষত ২০২০ সালের কুখ্যাত সেই ৮-২ স্কোরলাইন হয়তো আজও তাড়িয়ে বেড়ায় বার্সা সমর্থকদের। আজকের ম্যাচেও তেমনি বার্সাকে উড়িয়ে দেওয়ার প্রেরণা সেই ম্যাচ থেকেই পাবে বায়ার্ন।
তবে জাভির অধীনে ঘুরে দাঁড়ানো বার্সেলোনা নিয়ে আজকের ম্যাচে বরং অন্যকিছুর স্বপ্ন দেখতেও পারে তারা। আবার বায়ার্নের কাছে লজ্জায় পড়া সেসব ম্যাচে বাভারিয়ানদের সবচেয়ে বড় অস্ত্র রবার্ট লেওয়ান্ডভস্কি আজ মাঠে নামবেন বার্সার হয়ে। চলতি মৌসুমে বার্সায় যোগ দিয়ে ইতোমধ্যেই কাতালুনিয়ানদের মন জয় করে নিয়েছেন এই পোলিশ গোলমেশিন। লা লিগা আর চ্যাম্পিয়নস লিগ দুই প্রতিযোগিতাতেই সর্বোচ্চ গোলদাতার নামটা তারই। বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে মাঠে নেমেই করেছেন হ্যাটট্রিক। আজকেও লেওয়ার কাছে তেমন কিছুই প্রত্যাশা থাকবে ভক্ত-সমর্থকদের।
বার্সা-বায়ার্নের বিগত ম্যাচগুলোর ফলাফলে একপাশে সরিয়ে রেখেই আজ নিজ দলকে মাঠে নামাতে চান বার্সা বস জাভি। তিনি বলেন, 'চ্যাম্পিয়ন্স লিগ এবার প্রথম থেকেই জমজমাট। আমরাও ভালো শুরু করেছি। তবে এর ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। আমি বলব, আমাদের আসল পরীক্ষা শুরু হবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে এই ম্যাচ দিয়ে। কারন আমাদের গ্রুপটা বেশ কঠিন।'
এদিকে, বায়ার্নের জন্য কিছুটা চিন্তা হতে পারে তাদের সাম্প্রতিক ফর্ম। চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচে শক্তিশালী ইন্টার মিলানকে হারালেও টানা তিন লিগ ম্যাচে ড্র করেভ পয়েন্ট হারানোয় আজকের ম্যাচে নিজেদের ফিরতে পেতে চাইবে জুলিয়ান নাগেলসম্যানের দল। এদিকে বায়ার্ন তাদের সবচেয়ে বড় তারকা লেওয়ানন্ডভস্কিকে হারিয়ে এমনিতেই এখন পর্যন্ত পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। তার ওপর আজকের ম্যাচে সেই লেওয়ান্ডভস্কি মাঠে নামবেন তাদেরই বিপক্ষে। আর পোলিশ এই গোলমেশিনের সক্ষমতা নিয়ে বেশ ভালো ধারণা রয়েছে বায়ার্নের। তাই চিন্তার ভাজটা আজ নাগেলস্ম্যানের কপালেও থাকবে।
আজকের ম্যাচের আগে নাগেলসম্যান বলেন, 'লেওয়া অসাধারণ একজন ফুটবলার। আমি চাই ও এই ফর্ম ধরে আরও ৪-৫ বছর খেলুক। তবে প্রত্যাশা করব, আমাদের বিপক্ষে যাতে ওর সেরাটা না খেলে। এই ম্যাচটা আমাদের দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। আগে কী হয়েছে, তা নিয়ে পড়ে থাকতে চাই না।'
এদিকে বায়ার্ন সমস্যায় পড়েছে ইঞ্জুরি সমস্যা নিয়েও। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না কিংসলে কোম্যান আর বউনা সার। তাতে বেশ কিছুটা ব্যাকফুটেই থাকবে বাভারিয়ানরা। তবে দলে বাকি যারা আছে তাদের নিয়েই নিজেদের মাঠে সেরা খেলাটা উপহার দিতে চান নাগেলসম্যান।
অন্যদিকে বার্সা কোচ জাভি এই মুহুর্তে কিছুটা নির্ভার থাকতেই পারেন দল নিয়ে। ইঞ্জুরি সমস্যা তো নেইই, সঙ্গে দলে যারা আছেন তারা সকলেই আছেন নিজেদের সেরা ফর্মে। এই অবস্থায় একাদশ বাছাই করতেই বরং হিমশিম খেতে হবে জাভিকে।
বার্সেলোনার সম্ভাব্য একাদশ: মার্ক আন্দ্রে টের স্টেগান, জুলস কুন্দে, আরাউজো, এরিক গার্সিয়া, বালদে, বুস্কেটস, গাভি, পেদ্রি, রাফিনহা, লেওয়ান্ডভস্কি, উসমানে দেম্বেলে।
বায়ার্ন মিউনিখ সম্ভাব্য একাদশ: ম্যানুয়েল নয়্যার, বেঞ্জামিন প্যাভার্ড, ম্যাথিউস ডি লিট, লুকাস হার্নান্দেজ, আলফোনসো ডেভিস, জশুয়া কিমিচ, লিওন গোরের্টজা/মার্সেল স্যাবিটজার, সার্জ গ্যানাব্রি, থমাস মুলার, লিরয় সানে, সাদিও মানে।
