নাটোরের লালপুর উপজেলায় অলোক বাগচি (৫০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুরে গোপালপুর পৌর এলাকার মনির উদ্দিন আকন্দ রোডে এ ঘটনা ঘটে। নিহত অলোক বাগচি গোপালপুর পৌর এলাকার ঠাকুরবাড়ি মহল্লার মৃত সুনিল বাগচির ছেলে।
স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে এক ভ্যানচালক অলোক বাগচিকে মনিরুদ্দিন আকন্দ রোডের পাশে পড়ে থাকতে দেখে গোপালপুর বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে তাকে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার জানান, অলোক দুপুরে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর তারা বিকালে অলোকের মৃত্যুর খবর পান। লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।
