হামজাকে বাংলাদেশের হয়ে খেলতে স্বাগত জামালের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:০৩

ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়াটফোর্ডের বাংলাদেশি বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তার প্রথম চাওয়া ছিলো ইংল্যান্ড জাতীয় দলে খেলা। ইংল্যান্ডের অনূর্ধ্ব-২০ দলেও খেলেছেন হামজা। তবে জাতীয় দলে খেলার স্বপ্নটা ধীরে ধীরে অসম্ভবের দিকেই যাচ্ছে ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য। তাই যদি অন্য কোনো দেশ বেছে নিতেই হয় তাহলে বাংলাদেশ হতেও পারে সেটি এমনই ইঙ্গিত দিয়েছেন লেস্টার সিটির সাবেক এই ফুটবলার।

হামজার বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছার কথাটা নজরে এসেছে বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক ও প্রথম প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়ার। হামজার এই ইচ্ছাকে স্বাগত জানিয়ে জামাল বলেন, ‘তাকে (হামজা চৌধুরী) বাংলাদেশের হয়ে খেলতে স্বাগত জানাই। তার বাংলাদেশের প্রতি টান খুব ভালো লেগেছে।’

এর আগে বাংলাদেশের সাবেক কোচ জেমি ডে যখন প্রবাসী ফুটবলারদের নিয়ে কাজ করেছিলেন বা চেয়েছিলেন তখন বাফুফে থেকে বলা হয়েছিলো প্রবাসীদের বাংলাদেশ দলে খেলতে হলে বাংলাদেসশের ঘরোয়া লিগে খেলেই নিজেকে প্রমাণ করতে হবে। এদিকে। হামজা চৌধুরী খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে, তর্কাতীতভাবে যেটি বিশ্বের সবচেয়ে সেরা ফুটবল লিগ। হামজা কি তাহলে প্রিমিয়ার লিগ ছেড়ে বাংলাদেশের ঘরোয়া লিগে খেলতে রাজি হবেন? এই ব্যাপারে জামাল বলেন, ‘হামজা বিশ্বের সেরা লিগে খেলে। আলাদাভাবে তার নিজেকে প্রমাণের কিছু নেই। সে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছে সেটাই যথেষ্ট হওয়া উচিত।’ 

জামাল নিজেই জাতীয় দলে প্রথম প্রবাসী ফুটবলার, এছাড়াও সে দলকে নেতৃত্বও দিচ্ছেন গত চার বছর ধরে। জাতীয় দলে প্রবাসী খেলোয়াড় খেলানোর বিষয়ে জামাল বলেন, ‘আধুনিক ফুটবলে এটা খুবই সাধারণ একটি ঘটনা। এর মাধ্যমেই অনেক দেশের ফুটবল শক্তির পরিবর্তন হচ্ছে।’ 

হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেললে দলের শক্তিও অনেকটা বাড়বে বলে মন্তব্য করে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘হামজা অত্যন্ত ভালো একজন খেলোয়াড়, সে বাংলাদেশ দলে আসলে আমাদের দলীয় সামর্থ্য আরো অনেকটা বেড়ে যাবে।’

ইত্তেফাক/এসএস