দুই ম্যাচের সিরিজ খেলতে আমিরাত যাবে বাংলাদেশ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৪

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক আর পাকিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেটিকে ধরা হচ্ছিলো বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই। তবে এবার শোনা গেলো নিউজিল্যান্ড যাওয়ার আগে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ২ ম্যাচের আরও একটি সিরিজ খেলবে টাইগার বাহিনী।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছিলেন নিউজিল্যান্ডে যাওয়ার আগে বিদেশের মাটিতেও একটি ক্যাম্প করা হবে। এবার প্রকাশ পেলো শুধু ক্যাম্প নয়, আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর দুবাইয়ে ২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে থাকায় এই সিরিজে খেলতে পারবেন না অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে এই দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টিতে সাকিবের ডেপুটি নুরুল হাসান সোহান। 

আরব আমিরাতের বিপক্ষে এই সিরিজ খেলতে আগামী ২২ সেপ্টেম্বর দেশ ছাড়বে সোহান-লিটনরা। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলকেই পাঠানো হবে আরবের মাটিতে। ২৭ সেপ্টেম্বর সিরিজ শেষ করে দেশে ফিরবে টাইগাররা। এরপর অক্টোবরের ১ তারিখ নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। 

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বৃহস্পতিবার গণমাধ্যমের কাছে আমিরাতে খেলতে যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হ্যা, এটা অনেকটাই নির্ধারিত, আমরা একটা প্রেস রিলিজ ইস্যু করবো, যেটা আজকেই পেয়ে যাবেন। এর মূল বিষয় ছিলো আমাদের টিমের যে প্রিপারেশন। ওয়েদার কন্ডিশনের কারণে হয়নি সেজন্যই এ পরিকল্পনাটা করা। সেই আলোকে আমরা ২-১ দেশের সাথে কথা বলেছিলাম। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয় দল একটা ক্যাম্প ও একটা সিরিজে অংশগ্রহণ করবো। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ২টা ম্যাচ নিয়ে কথা হচ্ছে এবং সেভাবেই জিনিসগুলো এগোচ্ছে।’

নিজামুদ্দিন আরও জানান, ‘আরব আমিরাতে বেশ ভালো সুযোগ সুবিধা রয়েছে অনুশীলনের জন্য। সেসব মাথায় রেখেই এগিয়েছে টিম ম্যানেজমেন্ট। কন্ডিশন ভিন্ন হলেও এই মুহুর্তে অনুশীলনের প্রয়োজন রয়েছে দলের।’

বিসিবির এই কর্মকর্তা আরও জানান, ‘আমাদের পরিকল্পনায় ২২ তারিখ আমিরাতে যাওয়ার কথা রয়েছে। ২২ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে কয়েকটি প্র্যাকটিস সেশন এবং ২টা আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা রয়েছে। সেভাবেই আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করা হচ্ছে। সেখান থেকে দেশে ফিরে ১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডে যাবে দল।’

ইত্তেফাক/এসএস