সাটুরিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১৩ জুন ২০১৯, ০০:০৫

মানিকগঞ্জের সাটুরিয়ায় আছিয়া বেগম (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মালশী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার জাফর আলীর স্ত্রী এবং ঢাকার ধামরাইয়ের একটি পোশাক কারখানার কর্মী ছিলেন।

জানা যায়, মালশী এলাকার হানিফ আলীর ছেলে জাফর আলীর সঙ্গে দৌলতপুর উপজেলার চরকাটারী এলাকার বাচ্চু মিয়ার মেয়ে আছিয়া বেগমের চার বছর আগে প্রেমের সম্পর্কের পরিণতিতে বিয়ে হয়। কিছুদিন ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। মঙ্গলবার রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আছিয়াকে ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা বলেন,  লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।