আমার মেয়েকে হত্যা করা হয়েছে

আপডেট : ১৩ জুন ২০১৯, ০০:০৭

বরিশাল বিএম কলেজছাত্রী মিলি ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা পারভীন খানম। গতকাল বুধবার বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে মিলি হত্যার বিচার ও হত্যাকারীকে গ্রেফতারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। একই সঙ্গে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের গণিত বিভাগের শিক্ষক পুলিন চন্দ্র সরকার নিজেই মিলিকে হত্যা করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। ৩ মে বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডের ফিসারি রোডের আলী আজিমের ভাড়া বাসা থেকে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্রী মিলির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মিলি ইসলাম বিএম কলেজের মাস্টার্স (হিসাব বিজ্ঞান) বিভাগের পরীক্ষার্থী ছিল।

সংবাদ সম্মেলনে মিলির মা পারভীন খানম বলেন, আমার মেয়ে নিজে থেকে কোনো দিনও আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শিক্ষক পুলিন চন্দ্র সরকারের সঙ্গে আমার মেয়ের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। পুলিন হিন্দু সম্প্রদায়ের হয়েও সে নিজেকে আমার মেয়ের কাছে মুসলমান পরিচয় দেয়। এমনকি আমার মেয়েকে বিয়ে করবে বলে আশ্বস্ত করে। হত্যাকাণ্ডের দুই মাস পূর্বে আমরা পুরো বিষয়টি জানতে পারি। পুলিন একদিন আমাদের নথুল্লাবাদের বাসায় গিয়ে মিলি ও আমাদের হুমকি দেয়। পুলিন বিবাহিত এবং তার সন্তানও রয়েছে বলে এখন বিয়ে করা সম্ভব নয়। বিষয়টি মিলি পুলিনের স্কুলের অধ্যক্ষ ও বাসায় জানিয়ে দেবে বলে হুঁশিয়ারি দিলে পুলিন তাতে বাধা দেয়। তিনি আরো জানান, ঘটনার আগের দিন মিলি ফিসারি রোডের ঐ বাসায় সে ও তার স্বামী থাকবে বলে ভাড়া নেয়। রাতে পুলিন বাসায়ও আসে বলে জানায় বাড়ির মালিকের স্ত্রী শিউলী আজিম। আত্মহত্যার খবর পেয়ে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খোলা পায়। এ সময় মিলির ফোন একটি পানি ভর্তি পাতিলের মধ্যে ডুবানো ছিল। আর মিলির দেহ গলায় ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝোলানো ছিল তবে তার পা মাটিতেই ছিল। এ ঘটনায় আমি (পারভীন খানম) বাদী হয়ে পুলিনসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে বরিশাল মোকাম বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছি। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য পিআইবিকে নির্দেশ দেওয়া হয়েছে। পরে পুলিশ বরগুনা জেলার সদর থানাধীন ২নং গৌরীচন্ন এলাকা থেকে পুলিনকে গ্রেফতার করে।