বরিশাল সদর ও উজিরপুর উপজেলায় পৃথক ঘটনায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীসহ তিন কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতের বিভিন্ন সময়ে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তাদের ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, ভর্তিরতদের মধ্যে উজিরপুরের জলস্না ইউনিয়নের ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং বরিশাল সদর উপজেলার ইছাগুড়া এলাকার ১৮ বছরের এক কিশোরীকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। অপরদিকে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না গ্রামের ১৪ বছরের এক কিশোরীকে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্বজনরা জানান, গতকাল দুপুরে ভিকটিমের মা প্রতিবেশি রাকিবের মায়ের সঙ্গে কিস্তির টাকা জমা দিতে একটি এনজিওর কার্যালয়ে যান। এই সুযোগে কিশোরীকে কৌশলে নিজেদের ঘরে নিয়ে ধর্ষণ করে রাকিব। রাকিবের মা ঘরে ফিরে কিশোরীকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। অন্যদিকে কিশোরীকে খুঁজে না পেয়ে তার মা রাকিবের ঘরে গিয়ে মেয়ের এই অবস্থা দেখে তাকে বানারীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিত্সক কিশোরীর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিত্সার জন্য শেরে বাংলা মেডিক্যল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিশির ?কুমার পাল জানান, এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার রাতেই উজিরপুর থানায় একটি মামলা হয়েছে। এদিকে বান্না গ্রামের ঘটনায় ভিকটিমের স্বজনরা এখনো কোনো অভিযোগ করেননি। তবে কিশোরী ও অভিযুক্ত রাকিব গাজী সম্পর্কে চাচাতো ভাই বোন।
