ফরিদপুরে একটি অভিজাত রেস্তোরাঁয় গ্যাস লাইন বিস্ফোরণে দোতলা ও তিন তলার ৪১টি জানালার কাচ ভেঙে গেছে। এছাড়া রেস্তোরাঁর পাঁচটি কাঠের দরজা বিধ্বস্ত হয়েছে।
বুধবার সকাল সোয়া ৮টার দিকে শহরের চর কমলাপুর এলাকায় সেরেনি গার্ডেন রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক বাসিন্দা জানান, জানালার কাচ ভেঙে অন্তত ৪০ থেকে ৫০ ফুট দূরে গিয়ে পড়ে। জানালার ভাঙা কাচের আঘাতে রাস্তায় রিকশার চালক ও এক যাত্রী আহত হন।
বিস্ফোরণে পাশের মসজিদের জানালার কাচ ভেঙে গেছে।
ওই রেস্তোরাঁর মালিক গোলাম তানভীর সুজন বলেন, সকালে তিনি বিস্ফোরণের খবর শুনে বাড়ি থেকে ঘটনাস্থলে এসে ধ্বংসযজ্ঞ দেখতে পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে এটা গ্যাস বিস্ফোরণের ঘটনা।
