মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার একটি গাড়ির প্রদর্শনীতে গিয়েছিলেন। আর সেখানে গিয়ে তিনি গাড়ি চালিয়েছেন। এখানেই শেষ নয়। উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশে মজা করে বলেন, কেউ কি ওয়াশিংটন ডিসিতে যেতে চান? চলে আসুন, ওয়াশিংটন পৌঁছে দেব!
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হান্টিংটন প্লেসে ডেট্রয়েট অটো শোর আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়েছিলেন বাইডেন। ঐ প্রদর্শনীতে গাড়িনির্মাতা প্রতিষ্ঠান ক্যাডিলাকের নতুন গাড়ি ক্যাডিলাক লিরিকে উঠেছিলেন তিনি। সেই সময় গাড়িটি চালিয়ে দেখেন মার্কিন প্রেসিডেন্ট।
বাইডেন যখন গাড়ি চালাচ্ছিলেন, সেই সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, দর্শনার্থীদের উদ্দেশে তিনি জানতে চাইছেন, কেউ ওয়াশিংটন যেতে চান কি না। দর্শকদের একজন বলে বসেন, ‘এটা কি উবার রাইড?’ এর জবাবে বাইডেন বলেন, ‘হ্যাঁ, এটা উবার।’
প্রেসিডেন্ট জো বাইডেন ঐ অটো শো তে পৌঁছালে তাকে স্বাগত জানান জেনারেল মোটরসের প্রধান নির্বাহী মেরি বারা। শোর এবারের মূল আকর্ষণ ছিল বিদ্যুৎচালিত গাড়ি। বাইডেন বলেন, অঙ্গরাজ্যগুলোতে সরকারি উদ্যোগে গাড়ি চার্জিং স্টেশন করা হবে।
