পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে নেত্রকোনার পূর্বধলায় প্রভাব বিস্তার ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের (বীরপ্রতীক) বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার জেলা রিটার্নিং অফিসারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা পাঠানো হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন পূর্বধলা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শিহাব উদ্দিন।
গত ১০ মার্চ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রথম ধাপে ভোটের প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে অবস্থান নেন এমপি বেলাল। এ সময় তাকে আচরণবিধি লঙ্ঘনের কারণে ভোটের সময় ‘এলাকা ছাড়া’র নির্দেশ দিয়েছিল ইসি। শেষ পর্যন্ত তিনি নির্দেশনা অমান্য করায় নির্বাচনের দুই দিন আগে নির্বাচন স্থগিত করে ইসি।
উল্লেখ্য, এ উপজেলায় স্থগিতকৃত নির্বাচন ১৮ জুন অনুষ্ঠিত হবে।
