দশ বছরে ডিজিটাল রূপান্তরে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে —স্পিকার

আপডেট : ১৩ জুন ২০১৯, ০০:২২

ডিজিটাল সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে নতুন ডিজিটাল নেতৃত্ব গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত দশ বছরে  দেশে ডিজিটাল রপান্তরে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। ইতোমধ্যে ডিজিটাল পার্লামেন্ট প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছে। গতকাল বুধবার স্পিকার তার কার্যালয়ে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে আলাপকালে একথা বলেন। এসময় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় তারা ডিজিটাল পার্লামেন্ট বাস্তবায়ন অগ্রগতি, ডিজিটাল সার্ভিস ডিজাইন ও সংসদ সদস্যদের জন্য আইসিটি প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেন। বৈঠকে স্পিকার বলেন, ডিজিটাল পার্লামেন্ট বাস্তবায়ন হলে সময় ও অর্থেরও সাশ্রয় হবে। একইসঙ্গে সংসদ সদস্যরা সার্বক্ষণিক পার্লামেন্ট কার্যক্রমে সংযুক্ত থাকতে পারবেন। বৈঠকে জানানো হয়, আগামী জুলাইয়ে সকল সংসদ সদস্যের অংশগ্রহণে ‘ডিজিটাল বাংলাদেশ:স্টোরি অব ট্রান্সফরমেশন’ শীর্ষক কর্মশালা আয়োজন করা হবে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।