খালেদা জিয়ার ১১ মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

আপডেট : ১৩ জুন ২০১৯, ০০:৩৮

উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত এগারো মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। তবে আগামী ১৭ জুলাই এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রেখেছেন ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস। গতকাল বুধবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত আদালতে বসে বিচারক এই আদেশ দেন। এর মধ্যে মিরপুরের দারুসসালাম থানায় আটটি ও যাত্রাবাড়ীর থানায় দুটি মামলা রয়েছে। অপর মামলাটি রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা। এসব মামলার অভিযোগ গঠনের উপর শুনানির জন্য দিন ধার্য ছিল বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গৌরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা হামলায় ২৯ যাত্রী দগ্ধ হন। এদের মধ্যে একজন যাত্রী মারা যান। এ ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছর বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের অভিযোগে নগরীর দারুসসালাম থানায় ৮টি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় বিএনপি চেয়ারপারসনকে হুকুমের আসামি করা হয়েছে। এই দশটি মামলার অভিযোগ গঠনের উপর শুনানির জন্য নতুন ওই দিন ধার্য করে দিয়েছে আদালত। আর রাষ্ট্রদ্রোহের মামলাটির অভিযোগপত্র আমলে নেওয়ার উপর শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।