‘মানকাড’ কাণ্ডে মন্তব্য করে তোপের মুখে আসিফ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৩

ভারত ও ইংল্যান্ড নারী ক্রিকেট দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ১৬ রানে হারায় ভারত। তবে, ম্যাচের সব আলোচনা শুরু হয় ভারতের স্পিনার দিপ্তি শর্মার করা মানকাড আউট নিয়ে। ভারতীয় নারী দলের কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামীর বিদায়ী ম্যাচে শার্লি ডিনকে ‘মানকাড’ আউট করেন দিপ্তি শর্মা। 

১৭০ রান তাড়া করতে নামা ইংল্যান্ডের শেষ ৭ ওভারে প্রয়োজন ছিল ১৭ রান। আর এইসময়ই নন স্ট্রাইকে থাকা শার্লি ডেনকে ‘মানকাড’ আউট করেন। এই আউট ক্রিকেটীয় নিয়ম বহির্ভূত না হলেও অনেকেই এই আউট নিয়ে সমালোচনা শুরু করে। আর এই তালিকায় যোগ দেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মাদ আসিফ। 

তিনি দিপ্তিকে প্রতারক বলে অভিহিত করে টুইটারে লিখেন, ‘আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, তার বোলিং করার কোনো ইচ্ছাই ছিল না। সে নন–স্ট্রাইকার ব্যাটারকে প্রতারণা করার দিকেই মনোযোগী ছিল। এটা অন্যায্য এবং ভয়ংকর নেতিবাচকতা।’

আর এমন মন্তব্যের ভারতের সমর্থকদের তোপের মুখে পড়েন আসিফ। এক ভারতীয় সমর্থক টুইটারে লিখেছেন, ‘অল্প কিছু টাকার জন্য যে ক্রিকেটার তার দেশের সঙ্গে প্রতারণা করেছেন, তিনি কিনা ভদ্রলোকের মতো কথা বলছেন। ভাই, আপনি ঠিক আছেন তো?

আরও একজন লিখেছেন, ‘ফিক্সার বলছে চেতনার কথা। মজারও একটা সীমা থাকে।’

২০১০ সালে লর্ডস টেস্টে স্পট-ফিক্সিং কেলঙ্কারিতে জড়িয়ে জেলে গিয়েছিলেন পেসার মোহাম্মাদ আসিফ।

ইত্তেফাক/জেডএইচ/এআই