ইরানের অঘোষিত সাইটগুলোতে পাওয়া মানবসৃষ্ট ইউরেনিয়ামের চলমান তদন্তের বিষয়ে আলোচনার জন্য ভিয়েনায় ইরানি প্রতিপক্ষের সঙ্গে দেখা করেছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান। কানাডিয়ান সংবাদ মাধ্যম টরন্টো স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে টুইটারে জানান, অসামান্য সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলোর ব্যাখ্যা নিয়ে ইরানের সঙ্গে সংলাপ পুনরায় শুরু হয়েছে।
রাফায়েল গ্রসি জানান, তিনি ইরানের পরমাণু শক্তি সংস্থার ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মোহাম্মদ ইসলামির সঙ্গে দেখা করেছেন। বিবৃতির পাশাপাশি তিনি নিজের, ইসলামি এবং অন্যান্য আলোচকদের ছবি টুইটারে পোস্ট করেছেন।
প্রতিবেদনে বলা হয়, আইএইএ কয়েক বছর ধরে ইরানের কাছে ইউরেনিয়াম কণা সম্পর্কে জানতে চেয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা, পশ্চিমা দেশগুলো এবং আইএইএ জানিয়েছে, ইরান ২০০৩ সাল পর্যন্ত একটি সংগঠিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়েছিল। ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র চাওয়ার কথা অস্বীকার করে আসছে।
ইসলামী প্রজাতন্ত্র এবং বিশ্ব শক্তির মধ্যে ২০১৫ সালের চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য আলোচনার ক্ষেত্রে আইএইএর তদন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আগস্টে জানান, ইরানকে চুক্তিতে পুনরায় প্রতিশ্রুতি দেওয়ার জন্য আইএইএর তদন্ত অবশ্যই বন্ধ করতে হবে।
