পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির সপ্তম দিনে নিখোঁজ ৩ জনকে উদ্ধারে অভিযান চলছে। শনিবার (১ অক্টোবর) সকাল ৬টা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযান শুরু করেছে। পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শেখ মাহাবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ মাহাবুবুল আলম বলেন, ‘নৌকাডুবির ঘটনায় ৬৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো এক শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে সপ্তম দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও উদ্ধারকর্মীরা। করতোয়া থেকে শুরু করে আত্রাই পর্যন্ত ৪২ কিলোমিটার এলাকায় উদ্ধার অভিযান চলছে। ১২টি ইউনিট এই অভিযানে অংশ নিয়েছে।
নিখোঁজরা হলেন–বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের খগেন্দ্রনাথের ছেলে সুরেন চন্দ্র রায়, দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর হাতিডুবা গ্রামের মদন চন্দ্রের ছেলে ভুপেন ওরফে পানিয়া ও পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ারপাড়া গ্রামের ধীরেন্দ্র নাথের মেয়ে জয়া রাণী। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে উদ্ধার করা হয়নি বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদীর নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে বোদা উপজেলার ৪৬ জন, দেবীগঞ্জ উপজেলার ১৭ জন, আটোয়ারী উপজেলার ২ জন, পঞ্চগড় সদর উপজেলার ১ জন ও ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ জন। মৃতদের মধ্যে পুরুষ ১৮ জন, নারী ৩০ জন ও শিশু ২১।

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃত বেড়ে ৪৯