আরিচা-কাজীরহাট নৌরুটে নাব্যতা সঙ্কট, ড্রেজিং শুরু 

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৮:৩৫

আরিচা-কাজীরহাট নৌরুটে ডুবোচরে যাতে ফেরি-লঞ্চ, কার্গো, নৌকা ইত্যাদি নৌযান আটকে না পরে সে জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ এর ড্রেজিং ইউনিট ইতোমধ্যে পলি অপসারণ কাজ শুরু করেছে। গত ২৪ সেপ্টেম্বর আরিচা পয়েন্টে শুরু হওয়া পলি অপসারণের কাজে সংস্থার নিজস্ব তিনটি ড্রেজার দিয়ে ড্রেজিং করা হচ্ছে। 

ফাইল ছবি (সংগৃহীত)

জানা গেছে, শুষ্ক সময় শুরুর আগেই বিশেষ করে আরিচা পয়েন্টে যমুনায় পানি হ্রাস পেতে শুরু করে। প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ আরিচা-কাজীরহাট নৌরুটে নাব্যতা সংকটের কারণে ফেরি, লঞ্চ, কার্গো ইত্যাদি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে দেশের নৌপথ সংরক্ষণের একমাত্র প্রতিষ্ঠান বিআইডব্লিউটিএ আরিচা ও কাজীরহাট পয়েন্টে ড্রেজিং শুরু করেছে। শুষ্ক সময়ে মাল বোঝাই ফেরি, কার্গো চলাচল স্বাভাবিক রাখতে অন্তত ১০ ফুট গভীরতা দরকার। এ লক্ষ্যে আরিচা ও কাজীর হাট ঘাটের নিকট যমুনায় বেসিন ও চ্যানেলের নির্দিষ্ট জায়গায় খননের কাজ শুরু হয়েছে। 

ফাইল ছবি (সংগৃহীত)

এদিকে, খননকৃত পলি সুপরিকল্পিতভাবে না ফেলে তীরবর্তী বিভিন্নস্থানে ফেলার কারণে নতুন চর জেগে ওঠা, চ্যানেল ভরাট হওয়া ও নদী ভাঙ্গনের আশঙ্কা করা হচ্ছে।    

ফাইল ছবি (সংগৃহীত)     

সংস্থার ড্রেজিং ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী মো. আক্কাস আলী জানান, এক সপ্তাহ আগে শুরু হওয়া ড্রেজিং কাজে আরিচা ঘাট পয়েন্টে সাড়ে তিন হাজার ফুট বেসিন ও ছয় হাজার ফুট চ্যানেলের পলি অপসারণের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী শুষ্ক মওসুমে দীর্ঘ এ চ্যানেলের চিহ্নিতস্থানে কাম্য নাব্যতার ঠিক রাখতে প্রয়োজনীয় ড্রেজিং কার্যক্রম চালানো হবে।

ইত্তেফাক/এমএএম